বাংলাদেশের ‘দেলুপি’র সঙ্গে যুক্ত অনুরাগ কাশ্যপ, বিশ্বজুড়ে নতুন পরিচয়ে মুক্তি পাবে সিনেমাটি

নিজস্ব প্রতিবেদক।।দ্য এক্স ট্রিবিউন

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ এ ০৪:৫৮ PM0
বাংলাদেশের ‘দেলুপি’র সঙ্গে যুক্ত অনুরাগ কাশ্যপ, বিশ্বজুড়ে নতুন পরিচয়ে মুক্তি পাবে সিনেমাটি

বাংলাদেশের স্বাধীনধারার চলচ্চিত্র ‘দেলুপি’ আন্তর্জাতিক অঙ্গনে নতুন স্বীকৃতি পেয়েছে। ভারতের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ সিনেমাটির বৈশ্বিক পরিবেশনার সঙ্গে যুক্ত হয়েছেন। এর ফলে এখন থেকে বিশ্বের বিভিন্ন দেশে ছবিটি ‘Anurag Kashyap Presents Delupi’ নামে পরিচিত হবে।

সোমবার (৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন ‘দেলুপি’র পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম। তিনি জানান, আন্তর্জাতিক পর্যায়ে সিনেমাটির পরিবেশনার দায়িত্ব নিয়েছেন অনুরাগ কাশ্যপ। এ কারণে ভবিষ্যতে ছবিটির সব ধরনের প্রচারণামূলক উপকরণে ‘অনুরাগ কাশ্যপ প্রেজেন্টস দেলুপি’ শিরোনাম ব্যবহার করা হবে।

একই ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ফুটপ্রিন্ট ফিল্ম প্রোডাকশন। এক পোস্টে প্রতিষ্ঠানটি জানায়, অনুরাগ কাশ্যপের সম্পৃক্ততা ‘দেলুপি’র জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তারা এটিকে শুধু একটি আন্তর্জাতিক স্বীকৃতি নয়, বরং বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য বড় অনুপ্রেরণা হিসেবেও উল্লেখ করেছে।

প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনুরাগ কাশ্যপের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি দর্শকদের ভালোবাসা ও সমর্থনের জন্যও ধন্যবাদ জানানো হয়েছে।

ভারতীয় সমান্তরাল ধারার সিনেমার অন্যতম গুরুত্বপূর্ণ নির্মাতা হিসেবে পরিচিত অনুরাগ কাশ্যপ। ‘নো স্মোকিং’, ‘ব্ল্যাক ফ্রাইডে’ এবং ‘গ্যাংস অব ওয়াসিপুর’-এর মতো আলোচিত চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তাই ‘দেলুপি’র সঙ্গে তার সম্পৃক্ততাকে বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্রের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

গত বছরের নভেম্বরে মুক্তি পাওয়া ‘দেলুপি’ পরিচালনা করেছেন মোহাম্মদ তাওকীর ইসলাম। খুলনার একটি প্রত্যন্ত গ্রামের প্রেক্ষাপটে নির্মিত এই চলচ্চিত্র মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসা কুড়ায়। এছাড়া বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয়।

সম্প্রতি জনপ্রিয় চলচ্চিত্রভিত্তিক সামাজিক প্ল্যাটফর্ম Letterboxd-এ ‘দেলুপি’ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন অনুরাগ কাশ্যপ। সেখানে তিনি ছবিটির প্রশংসা করেন এবং নির্মাণশৈলীর ইতিবাচক মূল্যায়ন করেন।

এ প্রসঙ্গে পরিচালক মোহাম্মদ তাওকীর ইসলাম জানান, শুরুতে পরিকল্পনা ছিল রটারড্যাম চলচ্চিত্র উৎসবেই অনুরাগ কাশ্যপ সিনেমাটি দেখবেন। কিন্তু পরে তা সম্ভব হয়নি। এরপর তিনি ব্যক্তিগতভাবে চলচ্চিত্রটি অনুরাগ কাশ্যপের কাছে পাঠান। সিনেমাটি দেখার পর কাশ্যপ অত্যন্ত ইতিবাচক প্রতিক্রিয়া জানান এবং এর প্রশংসা করেন।

পরিচালক আরও জানান, অনুরাগ কাশ্যপের সঙ্গে তাদের সহযোগিতা শুধু ‘দেলুপি’কে ঘিরেই সীমাবদ্ধ থাকবে না। ভবিষ্যতে যৌথভাবে আরও কিছু প্রকল্পে কাজ করার পরিকল্পনা রয়েছে। তবে সেই পরিকল্পনার বিস্তারিত এখনই প্রকাশ করতে চাননি তিনি।

চলচ্চিত্র সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিকভাবে সুপরিচিত একজন নির্মাতার সমর্থন পাওয়ায় ‘দেলুপি’র বৈশ্বিক দর্শকপ্রাপ্তি এবং আন্তর্জাতিক বাজারে পৌঁছানোর সম্ভাবনা আরও অনেক বেড়ে গেল।

এই খবরটি শেয়ার করুন: