প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক।।দ্য এক্স ট্রিবিউন

প্রকাশিত: ৬ জুলাই, ২০২৬ এ ০৪:১০ PM0
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিতের নির্দেশ প্রতিমন্ত্রীর

দেশজুড়ে প্রাণী চিকিৎসাসেবাকে আরও কার্যকর, আধুনিক ও জনবান্ধব করতে মানসম্মত ওষুধ সরবরাহ এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, সরকারি হাসপাতালগুলোতে ব্যবহৃত কোনো ওষুধের মেয়াদ যেন কোনো অবস্থাতেই শেষ না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

সোমবার (৬ জুলাই) বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের সম্মেলন কক্ষে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রাণী চিকিৎসার ক্ষেত্রে কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতাল দেশের অন্যতম নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। মানুষের পাশাপাশি প্রাণিসম্পদ খাতের উন্নয়নেও এ হাসপাতালের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই চিকিৎসাসেবার মান উন্নয়ন, প্রয়োজনীয় ওষুধের পর্যাপ্ত সরবরাহ এবং আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, দেশের জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি পোষা প্রাণী পালনের প্রবণতাও দ্রুত বাড়ছে। ফলে প্রাণী চিকিৎসার চাহিদা আগের তুলনায় অনেক বেড়েছে। এ বাস্তবতায় হাসপাতালের সক্ষমতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সংযোজন এবং দক্ষ জনবল গড়ে তোলার মাধ্যমে প্রাণী চিকিৎসাকে আরও উন্নত পর্যায়ে নিয়ে যেতে হবে।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, সরকারের লক্ষ্য হলো দেশের প্রতিটি অঞ্চলে উন্নত প্রাণী চিকিৎসাসেবা পৌঁছে দেওয়া। এজন্য কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের সেবার পরিধি বাড়ানোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী নতুন শাখা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে। এতে রাজধানীর বাইরে থাকা প্রাণিসম্পদ মালিকরাও সহজে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের সুযোগ পাবেন।

তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রাণী চিকিৎসার ক্ষেত্রে ওষুধের গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হাসপাতাল ও মাঠপর্যায়ের প্রতিটি দপ্তরে ওষুধ সংরক্ষণ ও বিতরণে কঠোর নজরদারি নিশ্চিত করতে হবে।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মো. বয়জার রহমান, কেন্দ্রীয় ভেটেরিনারি হাসপাতালের পরিচালক ডা. আব্দুল আজিজ আল মামুন, কেন্দ্রীয় প্রাণিসম্পদ ঔষধাগারের পরিচালক ড. রফিকুল ইসলাম তালুকদার, টক্সিকোলজি ও জুরিসপ্রুডেন্স অনুবিভাগের চিফ সায়েন্টিফিক অফিসার ড. মো. আবু সুফিয়ান, বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিলের রেজিস্ট্রার ডা. গোপাল চন্দ্র বিশ্বাসসহ প্রাণিসম্পদ খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে প্রাণিসম্পদ ঔষধাগারের উদ্যোগে কেনা ওষুধ, কেমিক্যাল, আধুনিক চিকিৎসা যন্ত্রপাতি এবং শল্যচিকিৎসার প্রয়োজনীয় সরঞ্জাম মাঠপর্যায়ের দপ্তরগুলোতে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

অনুষ্ঠানে জানানো হয়, দেশের বিভিন্ন জেলা ও উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ে বিতরণের জন্য মোট ৯০ ধরনের ওষুধ ও কেমিক্যাল এবং ৪০ ধরনের আধুনিক চিকিৎসা ও শল্যচিকিৎসা-সংক্রান্ত যন্ত্রপাতি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে। এসব সরঞ্জাম মাঠপর্যায়ে প্রাণী চিকিৎসাসেবার মান উন্নয়ন, দ্রুত রোগ নির্ণয় এবং কার্যকর চিকিৎসা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

সরকারের এই উদ্যোগের মাধ্যমে দেশের প্রাণিসম্পদ খাত আরও শক্তিশালী হবে এবং পোষা প্রাণীসহ গবাদিপশুর জন্য আধুনিক, নিরাপদ ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এই খবরটি শেয়ার করুন: