আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে দেশজুড়ে সতর্কতা, সংঘর্ষের আশঙ্কায় নিরাপত্তা জোরদার

কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের আসন্ন প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশজুড়ে সম্ভাব্য অস্থিরতা ও সংঘর্ষের আশঙ্কায় পুলিশকে বিশেষ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাঠানো এক জরুরি বার্তায় বলা হয়েছে, ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে বিভিন্ন স্থানে সম্ভাব্য কর্মসূচি হতে পারে। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার ঝুঁকি বিবেচনায় প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিতে বলা হয়েছে।
বার্তায় উল্লেখ করা হয়, দলটি বিভিন্ন জেলায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন এবং ব্যানারসহ মিছিলের চেষ্টা করতে পারে। এতে অন্য রাজনৈতিক দল, বিশেষ করে এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্রদের সঙ্গে উত্তেজনা ও সংঘর্ষের সম্ভাবনা তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দপ্তর সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও রেঞ্জ ডিআইজিদের প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, একাধিক গোয়েন্দা সংস্থার প্রতিবেদনের ভিত্তিতেই আগাম সতর্কতা হিসেবে এই নির্দেশনা পাঠানো হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম বলেন, “নির্দিষ্ট কোনো হুমকি নেই, তবে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি।” তিনি আরও জানান, সারাদেশে নিয়মিত নিরাপত্তা কার্যক্রম, চেকপোস্ট ও নজরদারি অব্যাহত থাকবে।
এর আগে ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর দলটির শীর্ষ নেতাদের অনেকেই গ্রেপ্তার হন এবং অধিকাংশ জ্যেষ্ঠ নেতা আত্মগোপনে চলে যান। বর্তমানে দলটির কার্যক্রম আইনগতভাবে সীমিত রয়েছে এবং বিচারাধীন অবস্থায় রয়েছে বলে প্রশাসন জানিয়েছে।
