পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: মোদি

নিজস্ব প্রতিবেদক।।দ্য এক্স ট্রিবিউন

প্রকাশিত: ২১ জুন, ২০২৬ এ ১২:৩৪ PM9
পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার ষড়যন্ত্র হয়েছিল: মোদি

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে এক জনসভায় বলেছেন, একসময় পশ্চিমবঙ্গকে পাকিস্তানের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা ছিল, যা পরে ব্যর্থ করা হয়।

পশ্চিমবঙ্গ দিবস ও বিশ্ব যোগ দিবস উপলক্ষে দুদিনের সফরে রাজ্যটিতে আসেন তিনি। শনিবার হুগলির তারকেশ্বরের এক অনুষ্ঠানে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষে আয়োজিত সভায় অংশ নেন প্রধানমন্ত্রী।

সেখানে রেল ও কৃষি খাতে একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

ভাষণে মোদি বলেন, ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাকে বিভাজনের ষড়যন্ত্র হয়েছিল। তিনি দাবি করেন, একসময় পুরো বাংলাকে পাকিস্তানের অন্তর্ভুক্ত করার চেষ্টা হয়েছিল এবং পরে সেই পরিকল্পনা প্রতিহত করা হয়।

তিনি আরও বলেন, সেই সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার কারণে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হিসেবে টিকে থাকে। পাশাপাশি কংগ্রেসসহ তৎকালীন রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা নিয়েও সমালোচনা করেন তিনি।

ভাষণে রাজ্যের রাজনৈতিক পরিবর্তন, উন্নয়ন ও অনুপ্রবেশ ইস্যু নিয়েও মন্তব্য করেন ভারতের প্রধানমন্ত্রী। তিনি দাবি করেন, বর্তমান সরকারের সময়ে পরিস্থিতি পরিবর্তন হয়েছে এবং উন্নয়ন কর্মকাণ্ড গতি পেয়েছে।

এছাড়া বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ প্রসঙ্গেও তিনি মন্তব্য করেন, পূর্ববর্তী সময়ের প্রশাসনিক জটিলতার কারণে কাজ দীর্ঘদিন আটকে ছিল, তবে বর্তমানে তা এগিয়ে চলছে।

১৯৪৭ সালের ২০ জুন পশ্চিমবঙ্গকে ভারতের অন্তর্ভুক্ত করার ঐতিহাসিক সিদ্ধান্তের প্রসঙ্গও উঠে আসে অনুষ্ঠানে, যা নিয়ে রাজ্যটিতে দীর্ঘদিন ধরে রাজনৈতিক বিতর্ক রয়েছে।

এই খবরটি শেয়ার করুন: